# Tags

গোবিন্দগঞ্জ পৌরসভার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: মশিউর রহমান বাবু-গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার অধীনে পানি সরবরাহ পরিচালনার জন্য আহ্বান করা নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি, পক্ষ পাত মূলক আচরণ ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে প্রার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, নিয়োগের জন্য প্রকাশিত দরপত্রের বিধি-বিধান যথাযথ ভাবে অনুসরণ না করে বহু প্রার্থীর আবেদন অন্যায় ভাবে বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, মোট ৪৫ জন প্রার্থীর আবেদন বিনা কারণে বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রার্থীরা লিখিত ভাবে পুনর্বিবেচনার আবেদন করলেও, তা গৃহীত হয়নি বলে জানা গেছে।

এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৫, বুধবার দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাতিল কৃত প্রার্থী এইচ. এম. জাকিউল হক সরকার ও মো. মাইদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তারা অভিযোগ করেন, পৌরসভার কিছু প্রভাবশালী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির যোগ সাজশে অযোগ্য প্রার্থীদের নিয়োগের পাঁয়তারা চলছে, যা সরকারি বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

বক্তারা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা চাই এই অনিয়মের স্বচ্ছ তদন্ত ও ন্যায্য নিয়োগ নিশ্চিত করা হোক।

অভিযোগ কারী প্রার্থীরা অবিলম্বে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও পুনঃ পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পুনরায় সম্পন্নের দাবি জানান।

সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী প্রার্থীরা ও সচেতন গোবিন্দগঞ্জ বাসী।